সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক, সিলেটকে সভাপতি এবং পুলিশ সুপার, সিলেটকে সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ রেজাউল করিম নাচন। কমিটিতে রেজাউল করিম নাচনকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসির স্বাক্ষরে ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়।
