সমাজ থেকে দুর্নীতি, অন্যায় ও অবক্ষয় দূর করতে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
মঙ্গলবার রাতে সিলেট নগরের সোনারপাড়ায় আসহাবুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক ইসলাহী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, ভালো ও সৎ মানুষের সান্নিধ্য মানুষের চরিত্র ও চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনে। সত্যবাদী ও নীতিবান মানুষের সঙ্গে চলাফেরা করলে মানুষের মধ্যে ভালো গুণাবলি তৈরি হয় এবং সঠিক পথে চলার অনুপ্রেরণা পাওয়া যায়।
সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আসহাবুল কুরআন মাদরাসার মতো প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সন্তান কার সঙ্গে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে—সেদিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। শৈশব থেকেই নৈতিক শিক্ষা ও সৎ মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা অভিভাবকদের দায়িত্ব।
বর্তমান যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের করাল গ্রাসে অনেক তরুণ-যুবক জড়িয়ে পড়ছে। এ অবস্থায় বসে থাকার সুযোগ নেই। সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
সরকারি-বেসরকারি চাকরিসহ সমাজের সব স্তরে নৈতিকতাসম্পন্ন মানুষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুফতি আবুল হাসান বলেন, সরকারি দপ্তরসহ সমাজের সর্বস্তরে নীতিবান ও খোদাভীরু মানুষের উপস্থিতি নিশ্চিত করা গেলে অন্যায়, বেইনসাফি ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকলে ঘুষ ও দুর্নীতি থেকে বিরত থাকা সম্ভব।
তিনি দেশের সর্বস্তরের মানুষকে সৎ ও নৈতিক সমাজ গঠনে এগিয়ে আসার পাশাপাশি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দুপুর থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ইসলাহী মাহফিল মধ্যরাতে শেষ হয়। বিভিন্ন সেশনে ওয়াজ করেন মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা হাফিজ তজম্মুল আমিন, হাফিজ মাওলানা শফিউল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা বাহা উদ্দিন বাহার, মাওলানা জাহিদ বিন শওকত ও হাফিজ মাওলানা জামিল আহমদ জামালী।
মাহফিলে সংগীত পরিবেশন করেন সিলেটের নাশিদ শিল্পী শেখ এনাম। অনুষ্ঠানের একপর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
