শুক্রবার , ২৪ জুলাই ২০২৬, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৩
আজকের সর্বশেষ সবখবর

বাধ্যতামূলক অবসরে ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তালিকায় সিলেটের ফয়সাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ২৪, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে ডিআইজি পদমর্যাদার ৩ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তা রয়েছেন।

এ তালিকায় রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক উপকমিশনার (ট্রাফিক) ও বর্তমানে পুলিশ অধিদপ্তরের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন— হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির সানা শামীনুর রহমান।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ফয়সাল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির মোছা. ফরিদা ইয়াসমিন।
এ তালিকায় আরও রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএসের পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।