বুধবার , ১৫ জুলাই ২০২৬, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আদালতের জামায়াত-সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ১৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াত-সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপিসহ ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহাসহ বিভিন্ন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণের জন্য পৃথক পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, বর্তমান সরকারের গণভোট আয়োজন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।

এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

পৃথক পৃথক পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলেও বর্তমান সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রতিবাদে তারা পদত্যাগ করছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইনজীবী হিসেবে দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।