মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকায়। এই ঘটনায় পুরো কানাইঘাট উপজেলাসহ জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইউনিয়নের আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে আল শাহানিয়া শহরের সামাল সড়কে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় আইনগত ও মানবিক সহায়তা প্রদান করছেন।
তিনি আরও জানান, নিহত পাঁচ প্রবাসীর মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, জীবিকার তাগিদে মরুভূমির দেশে গিয়ে একসঙ্গে একই এলাকার পাঁচ তরুণের এমন অকাল মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে মাতম। স্বজনদের আহাজারিতে গাছবাড়ি এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
