মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত

সিলেটের সকাল ডেস্ক ::
আগস্ট ১৮, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডনে গুলিবিদ্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পূর্ব লন্ডনের ইস্টহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও পরিচিতজনদের সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে মাছুম গুলিবিদ্ধ হন। তবে কোথায়, কী পরিস্থিতিতে এবং কারা তাঁকে গুলি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। পরিবারের অধিকাংশ সদস্যও যুক্তরাজ্যে বসবাস করেন।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ পরিবারের বাসায় গিয়ে মাছুমের পরিচয় নিশ্চিত করে তাঁর মৃত্যুর খবর দেয়। এরপর স্বজনেরা জানতে পারেন, গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে বসবাসরত মাছুমের চাচা মোহাম্মদ সুমন জানান, মঙ্গলবার সকালে ভাতিজার মৃত্যুর খবর পান। এরপর থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে কীভাবে ও কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাননি।

মাছুমের সাবেক সহকর্মী হাবিবুর রহমান জানান, মাছুম একসময় একটি এস্টেট এজেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁর জানা মতে, গভীর রাতে ইস্টহ্যাম এলাকায় ঘটনাটি ঘটে। তবে বিস্তারিত তাঁরও জানা নেই।

এদিকে মাছুমের মৃত্যুর খবর বিশ্বনাথে পৌঁছালে পূর্ব কারিকোনা গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় একটি মসজিদের মাইকেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে হত্যার কারণ, ঘটনার সুনির্দিষ্ট স্থান ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।