বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ধারাবাহিক সংস্কার করছে। বিশেষ করে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমাতে কাজ করছে।’
বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরি-শার্লের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়ন, অবকাঠামো খাতে ফরাসি অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী আরও জানান, অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সহজ করার মাধ্যমে বিনিয়োগকারীদের সব ধরনের সেবা দ্রুত নিশ্চিত করা হচ্ছে।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে অভিহিত করে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘দ্রুত শিল্পায়ন এবং বিশাল ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। আমরা বাংলাদেশে ফরাসি বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী।’ এই সময় ব্যবসা সহজ করার জন্য সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোকে স্বাগত জানান তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
