পাঁচ মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।
এ সময় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে বরণ করতে কারাগারের সামনে ভিড় করেন।
পরে শোভাযাত্রার মধ্য দিয়ে নেতাকর্মীরা জি কে গউছকে তার বাড়িতে নিয়ে যান।
মুক্তির পর জি কে গউছ বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। বিএনপির আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে আমরা ছিলাম, সে আন্দোলনে আমরা আছি। আমাদেরকে আমাদের নীতি থেকে আলাদা করা যাবে না। যত মামলাই আসুক খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে না এনে আমরা কেউ ঘরে ফিরে যাব না।
প্রসঙ্গত, পুলিশের দায়ের করা কয়েকটি মামলায় গত বছরের ২৯ আগস্ট হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফেরার পথে ঢাকায় ডিবি পুলিশ জি কে গউছকে আটক করে। পরদিন ৩০ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
ঢাকা সিএমএম কোর্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
