সোমবার , ১ জানুয়ারি ২০২৪, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৬

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় একটি ধারায় ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় ২৫ হাজার জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৪ ডিসেম্বর উভয়পক্ষে যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন আদালত।

রায় ঘোষণার পরপরই আপিল শর্তে জামিন আবেদন করে আসামীপক্ষ। আসামি পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ আবেদন দাখিল করেন। আদালত আপিল শর্তে আসামীদের একমাসের জামিন দিয়ে আদেশ দেয়।

এডভোকেট খুরশীদ আলম খান বাসসকে বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ মামলায় আনীত অভিযোগ তারা প্রমাণে সক্ষম হয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রায় ঘোষণার সময় ড. ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়াও তার পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার সারা হোসেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ড. ইউনুস বলেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একসঙ্গে ছিলাম। যে দোষ আমি করিনি, সেই দোষের ওপর শাস্তি দিল। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম।

ড. ইউনূস এবং গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। পরে গত ২০ আগস্ট সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। শ্রম আদালতে ২২ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় ৯ নভেম্বর। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারজন কর্মকর্তা সাক্ষ্য দেন।

তথ্যসূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।