যাত্রীবেশে আগে থেকে অটোরিকশায় বসে থাকে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এক্ষেত্রে তাদের সাথে যোগসাজশ থাকে চালকেরও। আবার কখনও কখনও খোদ চালকই তাদের শিকারে পরিণত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সহযাত্রীদের শিকারে পরিণত করে তারা। নির্জন স্থানে নিয়ে টার্গেটকৃত সহযাত্রীর কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায় তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এমনই একটি চক্রের কবলে পড়েছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ষাটোর্ধ্ব তাজুল ইসলাম। একটি সিএনজি অটোরিকশায় করে বন্দরবাজার যাচ্ছিলেন তিনি। নগরীর রিকাবিবাজার আসার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার কাছ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে টহল পুলিশের একটি টিম এসে দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে।
গ্রেফতার দুইজন হলেন, সুনামগঞ্জের ছাতক থানার ঝিগলী গ্রামের আবদুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫) ও বিশ্বনাথ উপজেলার চৌধুরীবাজারের মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)। এর মধ্যে আক্তার সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভাইয়ারপাড় বাদেআলী এলাকায় এবং সুমন একই থানার আখালিয়া বড়বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজনের মধ্যে আক্তারের সিলেট মহানগরী এলাকার ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনের একাধিক মামলার আসামি। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫১, তারিখ-২৯, দায়ের করত তাদেরকে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
