রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
রোববার (২৪ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার সরাসরি অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে এই জঘন্য অপরাধের পরিকল্পনা, ধামাচাপা দেওয়া এবং ধর্ষণের পর হত্যায় সরাসরি সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগপত্রটি প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে।
সেখানে আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল) স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর পল্লবী থানায় মামলা দায়ের হলে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আজ এই দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করল। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
