বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সফট্ওয়্যারের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নতুন কর আইন ও অনলাইন রিটার্ন দাখিল সম্পর্কে করদাতাদের সচেতনতা বৃদ্ধিতে “হাইলাইট্স অফ পিআইটি এন্ড ট্যাক্স রিটার্ন থ্রু ট্যাক্সডু” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে স্ম্যাক আইটি লিমিটেড, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার বলেন, সিলেটের করদাতারা কর প্রদানে অত্যন্ত আন্তরিক। গত ২০২২-২০২৩ অর্থবছরে সিলেট অঞ্চলের করদাতারা ১ হাজার ৭৫ কোটি টাকা আয়কর দিয়েছেন, যেখানে আমাদের কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৬০ কোটি টাকা এবং আমরা আশাবাদী এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

তিনি আরও বলেন, করদাতাদের সুবিধার্থে বর্তমানে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া চালু হয়েছে এবং অনলাইনেই প্রাপ্তি স্বীকারপত্র এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তিনি বলেন, ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বরের পর বৃদ্ধির বিষয়টি কর কমিশনারের এখতিয়ারাধীন নয়, তবে এ ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।

কর্মশালার বিষয়বস্তুর উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন স্ম্যাক আইটি লিমিটেড এর ডাইরেক্টর স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ এবং এসোসিয়েট ডাইরেক্টর মাকসুদ আলম, এফসিএ। তারা নতুন কর আইন ও ‘ট্যাক্স ডু’ এপ্লিকেশন এর মাধ্যমে অনলাইন রিটার্ন দাখিলের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

কর্মশালায় গেস্ট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট চেম্বারের ভ্যাট, বাজেট, শুল্ক, কর সাব কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এফসিএ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মো. মাসুদ রানা, সিলেট চেম্বারের সদস্য মো. আবুল কালাম, এস. এম. শায়েস্তা তালুকদার, শাফি মো. নাহিয়ান, দেবাশীষ চক্রবর্তী, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, আয়কর বিভাগের কর্মকর্তাবৃন্দ, কর আইনজীবী ও কনসালটেন্ট্সবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের কর্মকর্তা মিনতি দেবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।