বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।

নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, বিকেল ৫টার দিকে তারা কয়েকজন বন্ধু মিলে সুইমিংপুলে সাঁতার কাটতে যান। প্রিয়মও তাদের সঙ্গে সাঁতার কাটতে নামেন। তিনি সাঁতার জানেন বলে বন্ধুদের জানিয়েছিলেন।

ফায়াজ বলেন, সাঁতার কাটার সময় প্রিয়ম দু-একবার সুইমিংপুলের ৯ ফুট গভীর অংশে গিয়ে আবার ফিরে আসেন। একপর্যায়ে অন্যরা সাঁতারে ব্যস্ত থাকায় তিনি কখন আবার গভীর পানিতে চলে যান, তা কেউ খেয়াল করেননি। পরে বিকেল পৌনে ৬টার দিকে সুইমিংপুলের কর্মীরা তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু জানান, একজন কর্মী প্রিয়মকে পানির কিছুটা নিচে চিত হয়ে ভেসে থাকতে দেখে বিষয়টি তাকে জানান। পরে তিনি তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে ঝাঁকুনি দিলে প্রিয়ম বমি করেন এবং হালকা শ্বাস নিচ্ছিলেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে নগরীর দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হয়।

নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মুখলেসুর রহমান বলেন, ‘দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন।’

তিনি জানান, আপাতত শিক্ষার্থীর মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকিতে ঘাটতি ছিল কি না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে। কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিলেট বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) আব্দুস সালাম জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ওই সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। পরে এক শিক্ষার্থীকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত দিপাঞ্জন ঘোষ প্রিয়মের পৈতৃক নিবাস সিরাজগঞ্জের শাহজাদপুরে। তাঁর পরিবার ঢাকার মোহাম্মদপুরে বসবাস করে। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।