শুক্রবার , ২৩ মে ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

সিকৃবি প্রতিনিধি
মে ২৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামে এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগীতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী।

সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাণী সম্পদের খাদ্য চাহিদা পূরণে জীব বিজ্ঞান বিষয়ক গবেষণার বিকল্প নেই। তিনি বলেন মলিকুলার বায়োলজি বিষয়ে ছাত্র ছাত্রীদের স্কুল পর্যায় থেকে হাতে কলমে শিক্ষা দিতে হবে।

উল্লেখ্য, সারাদেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে ১১ অঞ্চলের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। এরমধ্যে সিলেট অঞ্চলে ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ উপলক্ষে সিলেট অঞ্চল থেকে আসা কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারণায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এদিন ভোর থেকেই মুখরিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।