’একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাঁধন সংগঠন ১১ বছরে পদার্পন করলো। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা -২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১ম গেইট পর্যন্ত আনন্দ র্যালি করেন বাঁধনের সদস্যরা। র্য্যালির পর উন্মোচন করা হয় বাঁধনের দেয়ালিকা।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বাঁধনের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ক্রপ বোটানি ও টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মাসুদুর রহমান, সহকারী প্রফেসর শেরফ-উল আলম, সহকারী প্রফেসর ডা. মাজফুজুল হক মামুনসহ ছাত্র উপদেষ্টা ইউনিট, কার্যকরী পরিষদ, ৭ টি হল উপকমিটির সদস্যবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন নিয়মিত রক্তদাতাবৃন্দ, বাঁধনকর্মী ও সিকৃবির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে ৩০ জন রক্তদাতাকে বাঁধনের পক্ষ থেকে প্রত্যয়ন পত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়৷ এছাড়াও কেক কাটাসহ বিভিন্ন জমকালো আয়োজনের মাধ্যমে বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ১ দশক পূর্তি উদযাপন করা হয়৷
১৯৯৭ সালের ২৪ শে অক্টোবর যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। পরে বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এর শাখা কমিটি দেয়া হয়।
