মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ১৩৪ শিক্ষার্থী 

মো. সাজিদ আল সাদেক  
অক্টোবর ১০, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৩৪ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থ বছরের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ফেলোশিপ প্রাপ্ত হয়েছেন ১৩০ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপে ফেলোশিপ প্রাপ্ত হয়েছে ৪ জন শিক্ষার্থী। পাশাপাশি মেধাতালিকায় প্রথম ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ১০ জন শিক্ষার্থী।

এদিকে ফেলোশিপ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন, “এই ফেলোশিপটি আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য। কারণ তাদের মাস্টার্সের রিসার্চ প্রজেক্টের জন্য বিভিন্ন স্টাডি এরিয়াতে যেতে হয়। পাশাপাশি গবেষনার কাজে আরো অনেক জায়গায় খরচের প্রয়োজন হয়। এই ফেলোশিপটি পাওয়ার পর তারা অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাধীনভাবে তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে নিতে পারে এবং একটি ভালো রিসার্চ পেপারও পাবলিশ করতে সহায়ক ভূমিকা পালন করে এই ফেলোশিপ। আমি সকলকেই এই ফেলোশিপে প্রাপ্ত অর্থ আন্তরিকতার সহিত তাদের গবেষনা কাজে ব্যয় করার আহ্বান জানাবো।”

উল্লেখ্য, বিগত ১৯৯৫-৯৬ অর্থ বছর হতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই ফেলোশিপটি দিয়ে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাঝে ২০০১-২০০৮ পর্যন্ত ফেলোশিপ প্রদান বন্ধ থাকলেও ২০০৮-০৯ অর্থবছর হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত নিয়মিতই ফেলোশিপ প্রদান করে আসছে বাংলাদেশ সরকার। মোট ৩টি গ্রুপে এ ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে: (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যনোটেকনোলজি, লাগসই প্রযুক্তি। (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। এ বছর তিনটি গ্রুপে মোট ৩৮৪৫ জন ছাত্র-ছাত্রী/গবেষক এর অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরের ০১/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে ৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ১২ (বার) মাস সময়ের ফেলোশিপ বাবদ মোট ২১,৬০,৯৪,৮০০ (একুশ কোটি ষাট লক্ষ চুরানব্বই হাজার আটশত টাকা) টাকা অনুদান প্রদানের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।