মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

রাগীব আলীর জন্মদিনে লিডিং ইউনিভার্সিটিতে ১ হাজার বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১০, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং বিভিন্ন রাস্তার পাশে একহাজার বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারী-১ এ বিশ্ববিদ্যালয়ের উদ‍্যোগে আয়োজিত জন্মদিন উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক এবং  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. রাগীব আলী। এসময় লিডিং ইউনিভার্সিটির পরিবার তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং পর্যায়ক্রমে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন, দানবীর রাগীব আলী এদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার আলো ছড়াচ্ছেন। তিনি আরও বলেন রাগীব আলী শুধু শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। বরেণ্য দানবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

ড. সৈয়দ রাগীব আলীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত‍্যিক এবং ভারত থেকে আগত অতিথি সুশান্ত কুমার ভট্টাচার্য্য, বিশ্ববিদ্যালয়ের  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং রেজিস্ট্রার মো. মফিজ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস তৌহিদা সুলতানা এবং আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের গবেষণা সহকারি জসিম আল ফাহিম। অনুষ্ঠানের শুরুতে দানবীর রাগীব আলীর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ। এতে বক্তব্য প্রদান করেন বিভাগীয় প্রধান পাবলিক হেলথ বিভাগ ড. মো. আব্দুল মজিদ, ব‍্যবসায় প্রশাসন বিভাগ ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রুমেল এম. এস. রহমান পীর,
ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগ মো. মাহবুবুর রহমান, স্থাপত্য বিভাগ স্থপতি মো. শওকত জাহান চৌধুরী, আইন বিভাগ আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগ মিসেস রুমপা শারমিন, ইসলামিক স্টাডিজ বিভাগ ফজলে এলাহী মামুন, ইলেক্ট্রনিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ রফিকুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী।

অনুষ্ঠানে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের ইংরেজির অধ‍্যাপক হেলাল আহমদ মোর্শেদের লেখা শতাব্দীর শ্রেষ্ঠ দানবীর ড. সৈয়দ রাগীব আলী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. সৈয়দ রাগীব আলী। জন্ম দিনে দানবীর ড. সৈয়দ রাগীব আলী লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের নতুন পে-স্কেল ২০২৩ ঘোষণা করেন।

সংবর্ধনা পরবর্তী লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।