সোমবার , ১৭ আগস্ট ২০২৬, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর

সিলেটের সকাল রিপোর্ট ::
আগস্ট ১৭, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি এই পরিচালনা পরিষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালকসহ মোট ২৭ সদস্য নির্বাচিত হবেন। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট চেম্বার অব কমার্সের হলরুমে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

এ সময় তিনি জানান, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার। বোর্ডের অন্য দুই সদস্য হলেন সহকারী কমিশনার তানভীর আহমেদ সজীব এবং সহকারী কমিশনার লাবণ্য ইসলাম।

অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদ রানা। আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ পারভেজ ও মাসুমা ইসলাম লোনা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার ব্রিফিংয়ে জানান, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৩ সেপ্টেম্বর। এ তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল করা যাবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত এবং আপত্তি নিষ্পত্তি করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর।

তিনি আরও জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল শুনানি ও নিষ্পত্তি অক্টোবরের প্রথম সপ্তাহে সম্পন্ন হবে। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের নোটিশ দেওয়া হবে ১২ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত। একই দিন প্রত্যাহার শেষে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি দাখিল করা যাবে। শুনানি ও নিষ্পত্তি শেষে নির্বাচন বোর্ড আগামী ১০ নভেম্বর বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

আয়েশা আক্তার বলেন, বিধিমালা অনুযায়ী সম্ভাব্য নির্বাচনের তারিখের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয় এবং ভোটের ৬০ দিন আগে পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে সংশ্লিষ্ট সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। সে অনুযায়ী ৫ নভেম্বরের ভোটকে সামনে রেখে ৬ সেপ্টেম্বর সদস্যপদ নবায়নের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়ের পর যারা সদস্যপদ নবায়ন করবেন, তারা এবারের নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।