বুধবার , ৫ আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০০
আজকের সর্বশেষ সবখবর

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

সিলেটের সকাল ডেস্ক ::
আগস্ট ৫, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন বলছে, সম্প্রতি ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নাম করে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা প্রদানের প্রস্তাব দেন না বা কোনো অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি পদ্ধতি ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের কোনো প্রলোভন বা রহস্যজনক ফোনকল পেলে কোনোভাবেই অর্থ লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত গোপন তথ্য বা আর্থিক নথি কারও সঙ্গে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশন কর্তৃপক্ষ জানায়, কেউ যদি এমন প্রতারণার শিকার হন বা কোনো সন্দেহভাজন প্রস্তাব পান, তবে তাৎক্ষণিকভাবে তা হাইকমিশনকে অবহিত করতে হবে। অভিযোগের স্বপক্ষে সংশ্লিষ্ট ফোন নম্বর, বার্তার স্ক্রিনশট বা প্রাসঙ্গিক প্রমাণাদি visa.dhaka@mea.gov.in এই ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

সাধারণ মানুষকে এই বিষয়ে নিজে সচেতন হতে এবং অন্যকেও সতর্ক করার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।