রবিবার , ১৯ জুলাই ২০২৬, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিসিক প্রধান নির্বাহীর নাম ভাঙিয়ে প্রতারণা, সরকারি অনুদানের প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ১৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে তারা।

শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সতর্কীকরণ’ শিরোনামে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার

তিনি জানান, একটি প্রতারক চক্র তার নাম ও সিলেট সিটি করপোরেশনের অফিসের ঠিকানা ব্যবহার করে ০১৭৪৫-৯৯২৯০৯ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করছে। প্রতারকরা সরকারি অনুদান দেওয়ার কথা বলে বিভিন্ন নাগরিকের সঙ্গে যোগাযোগ করছে। তবে ব্যবহৃত পরিচয়পত্রে তার নামের বানান ও ফোন নম্বর ভুল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রেজাই রাফিন সরকার জানান, ইতোমধ্যে অন্তত দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টার স্ক্রিনশট পাঠিয়েছেন। এসব ঘটনায় প্রতারকরা সরকারি সহায়তার কথা বলে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ফোনকল বা বার্তায় কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না। বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও কাছে দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন হলে সরাসরি সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), জেলা পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অনলাইনভিত্তিক প্রতারণার ঘটনা বাড়ছে। তাই কোনো ধরনের সরকারি অনুদান, আর্থিক সহায়তা বা বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে কেউ ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।