বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি পদে সন্দীপ দাস, সাধারণ সম্পাদক পদে সুস্মিতা বিশ্বাস অথৈ এবং সাংগঠনিক সম্পাদক পদে নাবিল মোস্তফা নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মে) সিলেট নগরের সারদা স্মৃতি ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
আলোচনা পর্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি দীপঙ্কর সরকারের সভাপতিত্বে এবং ছাত্রনেতা সুস্মিতা বিশ্বাস অথৈর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানববেন্দ্র দেব, কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় সদস্য প্রশান্ত কৈরি, সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি বিদ্যুৎ কুমার দাস বাপনসহ অন্যরা।
বক্তারা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৯ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি হিসেবে স্বর্ণালী গোয়ালা, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে শ্রাবণ দাস ও প্রতীক দাস পাপন, কোষাধ্যক্ষ হিসেবে জয়দেব রায় জয় এবং দপ্তর সম্পাদক হিসেবে নীলকান্ত দাশ জিৎ নির্বাচিত হন।
সম্মেলন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম হন অভিজিৎ চক্রবর্তী, দ্বিতীয় সৌনক চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করেন সায়ন ব্যানার্জী। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলা।
