শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৭
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে ‘অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

শাবিপ্রবি প্রতিনিধ
এপ্রিল ১১, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুই দিনব্যাপী “সুনীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা” শীর্ষক
আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বিভাগটির আয়োজক কমিটির শিক্ষকবৃন্দ।

“বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় এ সম্মেলনটি আয়োজিত হচ্ছে। এতে সার্বিক সহায়তা প্রদান করছে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সম্পর্কিত জার্মান ফেডারেল মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড) বাংলাদেশ বলে জানা যায়।

এই সম্মেলনে আটটি দেশের ২০০-এর অধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন, যার মধ্যে থাকবেন নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, এবং উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

সম্মেলনে মোট ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে, যা সামুদ্রিক পরিকল্পনা ও টেকসই নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, জার্মান অ্যাম্বাসির ডেভেলপমেন্ট কোঅপারেশনের উপ-প্রধান মি. উলরিখ ক্লেপম্যান, ডেপুটি চিফ কনজারভেটর অফ ফরেস্ট মোঃ জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (সিলেট বিভাগ) মোঃ আশরাফুজ্জামান এবং (জিআইজেড) বাংলাদেশ এর জীববৈচিত্র্য সেক্টরের কমিশন ম্যানেজার ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড।

আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও নীল অর্থনীতির টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।