সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে সহজভাবে ইংরেজি শেখানোর জন্য দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ‘ইংলিশ স্কলার্স হান্ট’। কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১৩শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ শনিবার (১ মার্চ) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবির ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ও স্কলার্স হান্টের উপদেষ্টা অধ্যাপক ড. মো. জহির বিন আলম এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্কলার্স হান্টের উপদেষ্টা সিরাজুল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. শহিদুল হক বলেন, ‘স্কলার্স হান্টের এই আয়োজনকে সাধুবাদ জানাই।এরকম কর্মশালা শিক্ষার্থীদের ইংরেজির ভীতি দূর করে ইংরেজির প্রতি আগ্রহ বৃদ্ধি করে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এই ভাষায় আমাদের পরবর্তী প্রজন্মকে এ ভাষায় পারদর্শী করা প্রয়োজন। এরকম কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজদেরকে ইংরেজিতে পারদর্শী করতে পারবে। পরবর্তীতে নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে।’
সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩শ’র অধিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় ইংরেজির ভয় দূর করার জন্য পাঁচটি সেশন রাখা হয়। পাঁচটি সেশনে গ্রামার , লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং -এ শিক্ষার্থীদের প্রশিক্ষন দিয়েছেন যথাক্রমে নাবিলা মেহজাবীন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক টিটু রহমান, আর্মি ইন্সটিটিউটের প্রভাষক উদয় রহমান, শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা রহমান এবং স্কাইলার্ক ইন্টারন্যাশনালের সিইও তাহিয়া তাবলিয়া মীম।
দিনব্যাপী প্রশিক্ষকরা শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
