বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় কমডেকায় মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের ২ টি ইউনিট অংশগ্রহণ করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গত ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে (আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র-২) যমুনা নদীর চরে এই ৭ম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হয়। প্রতি ইউনিটে ৮ জন করে মোট ১৬ সদস্য উক্ত কমডেকায় অংশগ্রহণ করেন।
জানা যায়, ৭ম জাতীয় কমডেকায় অংশগ্রহন করে মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাফল্যের ধারাবাহিকতায় সংযুক্ত হয়েছে আরও ৫টি সোনালি পালক। মুরারিচাঁদ কলেজ গার্ল ইন রোভার সেবা-২ তাঁবুকলায় ৪ দিনের মধ্যে ৩ দিন’ই গৌরব পতাকা অর্জন করে। রোভার ইউনিট (বয়েজ) ১ম দিন সেবা-১ বিপি পিটি এবং ৩য় দিন সেবা-২ তাঁবুকলায় গৌরব পতাকা অর্জন করে।
উক্ত কমডেকায় গার্ল ইন রোভার ইউনিটের জিআরএসএল হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উডব্যাজার শাহনাজ বেগম এবং রোভার ইউনিটের আরএসএল হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক উস্তার আলী।
কলেজে ফিরে এসেই বিজয়ীরা সম্মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি আপ্যায়নে সকল ক্লান্তি ভুলে গিয়ে প্রশান্তি খুঁজে পায়। এসময় সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় উপস্থিত ছিলেন।
মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপে বর্তমানে সদস্য সংখ্যা ৮৬ জন এবং আরএসএল ও জিআরএসএল ৪ জন। নতুন যুক্ত হবেন ৩ জন। এই রোভার স্কাউট গ্রুপের সভাপতির দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সাবেক সম্পাদক প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আরএসএল হিসেবে দায়িত্বে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, জিআরএসএল হিসেবে দায়িত্বে আছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উডব্যাজার শাহনাজ বেগম। সিনিয়র রোভার মেট হিসেবে সেলিম মাহমুদ, মাহবুবুর রহমান, সৈয়দ আব্দুল কাহার এবং গার্ল ইন সিনিয়র রোভার মেট হিসেবে ইরিনা হক মিতা দায়িত্ব পালন করছেন।
আলোকিত মানুষ গড়ার প্রত্যাশা রেখে মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নতুন সহচর ভর্তি করা হয়। ওরিয়েন্টেশনের মাধ্যমে সবাইকে বরণ করে দীর্ঘ ৩-৬ মাস ক্লাস নিয়ে হাইকিং, লিখিত পরীক্ষা, ভাইভা, ভিজিল এবং তাঁবু জলসা শেষে তাদেরকে রোভার হিসেবে দীক্ষা প্রদান করা হয়। এই দীর্ঘ সময়ে তাদেরকে জীবনে চলার জন্য নানান প্রয়োজনীয় বিষয় হাতে কলমে শিখানো হয়।
মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের বর্তমান ক্রু-কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভার মেট সেলিম মাহমুদ জানান, বাংলাদেশের স্কাউটিং ইতিহাসে মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপ একটি ব্রান্ড। ১৯২৭ সালের ১২ই ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এই রোভার স্কাউট গ্রুপ।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, প্রতিবছরই সাফল্য নিয়ে আসে মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপ। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আশা রাখি এর দ্বারা অব্যাহত থাকবে এবং তারা সামনে আরো দূরে এগিয়ে যাবে।
