শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) “হে নবীন, এসো আলোর মিছিলে” এই আহবানকে সামনে রেখে বিভাগটি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলনমেলা।

সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষপর্বের শিক্ষার্থী ইশরাত চৌধুরী ও মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম এবং গীতা পাঠ করেন উক্ত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী সরকার। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ সমাজবিজ্ঞানের তাৎপর্য এবং সমাজের প্রতি এর দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সমাজবিজ্ঞানে অধ্যয়ন করে কেউ সমাজের প্রতি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সমাজকে সঠিকভাবে জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “সমাজবিজ্ঞান শুধু একটি সামাজিক বিজ্ঞান নয়, এটি একটি মানবিক বিজ্ঞানও বটে, যা মানুষকে মানুষ হিসেবে বুঝতে সাহায্য করে।”

বিভাগীয় প্রধান আমিনুল হক তার স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান বিভাগে স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মহসিন আলী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিভূতিভূষণ দাস, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ইসলাম, সহকারী অধ্যাপক অগ্রাতা সৌরভ, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক, প্রভাষক আবু সাদাত সায়েম, প্রভাষক শামিমুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

“সোসিওলজি ক্লাব” এর সক্রিয় তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার্সের চৈতী রানী দাস ও চতুর্থ বর্ষের আহমেদ হাসান মান্না। আর নবীনদের থেকে বক্তব্য রাখেন আবু জর।

এসময় আরও বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুমিত কান্তি পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক আয়েশা আক্তার প্রমুখ।

প্রায় সকলেই তাদের বক্তব্যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রবীণ শিক্ষার্থীরাও নবীনদের সাথে পরিচিত হয়ে আনন্দ প্রকাশ করেন।

সবশেষে এমসি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক দলের উপস্থাপনা ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজনে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।