মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে সিকৃবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

সিকৃবি প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণের ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পাঁচ বছরের ডিগ্রির মধ্যে এক বছরের ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপ চলাকালীন সময়ে মাসিক মাত্র ৯ হাজার টাকা ভাতা দেয়া হয় যা দিয়ে যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ চালানো সম্ভব নয়। শিক্ষার্থীদের দাবি, সমসাময়িক অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের তুলনায় সিকৃবির শিক্ষার্থীরা অনেক সুবিধা থেকে বঞ্চিত।

ভেটেরিনারি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, আমাদের ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সর্বশেষ গত ৯ জানুয়ারি আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করি এবং যথাযথ ব্যাবস্থা নেয়ার দাবি জানাই। কিন্তু সময় পেরিয়ে গেলেও উনারা কোন ব্যবস্থা নিতে পারেননি। আগেও প্রশাসন আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে গিয়েছেন কিন্তু কোন ব্যাবস্থা গ্রহন করতে আমরা দেখিনি। ফলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আজ আমরা ক্লাস-পরিক্ষা বর্জন করেছি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ভাতা ৯ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা, ইন্টার্নশিপ সময়কালে প্রতি কার্যদিবসের যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ দৈনিক নূন্যতম ৩০০ টাকা ভাতা প্রদান, কমপক্ষে চার মাসের ইন্টার্নশিপের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান, ঢাকায় অবস্থানের সময় দুই মাসের মধ্যে সীমিত রাখা, বর্তমান পরিস্থিতির কারনে এক্সটার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশে সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপের সম্মানি প্রতিমাসে নিয়মিত পরিশোধ।

এ বিষয়ে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ মাসের ২৮ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আমাদের বৈঠকের কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের দাবি তুলে ধরা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির ব্যাপারে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কবে, কার কাছে স্মারকলিপি দিয়েছে সেটা আমি বলতে পারতেছি না। আচ্ছা তবুও তাদের দাবীগুলো যৌক্তিক। সোমবার তাদের নিয়ে বসেছিলাম। তাদেরকে বলেছিও এব্যাপারে। মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি বরাদ্দ দিবে। তাদের সাথে আমরা কথা বলে এর সমাধান করবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সুযোগ পেলে আমাদের শিক্ষার্থীরা কেন পাবে না। তারা যাতে পায়, সেই ব্যবস্থাই করবো আমরা। আসলে সরকারও সবকিছু থেকে বাজেট কমিয়ে আনছে। এজন্য সবকিছু করাও সম্ভব হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।