সিলেটে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার-ট্রাফিক বিএম আশরাফ উল্লাহ তাহেরের নেতৃত্বে সিলেট নগরের বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর ও চন্ডিপুল চত্বরে একযোগে অভিযান শুরু হয়। এসময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
জানা যায়, অটোরিকশা (সিএনজি), লেগুনা, বাস, ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের কাগজ-পত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকশা সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রঙ ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।
সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই ৩ দিন নগরের বিভিন্ন এলাকায় অভিযান করবে ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।
এ সময় ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, নগরকে যানজটমুক্ত করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমরা অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং এর দ্বারা চলমান থাকবে। নগরের ২৪টি পয়েন্টে আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যাবো।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ২৩ সেপ্টেম্বর এর পর থেকে সিলেট নগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিক্সা, অটোরিক্সা এবং রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ফোরস্টোক সিএনজিসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো জানানো হয়, সিলেট বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে সমস্ত ফোরস্ট্রোক সিএনজি মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে আগামী ৭ দিনের মধ্যে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং মেট্রো এলাকার বাহিরের ফোরস্ট্রোক সিএনজিতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। মেট্রো এলাকার বাহিরের সিএনজি সমূহ মেট্রো
এলাকায় প্রবেশ করতে পারবে না।
এছাড়া নগরের ফুটপাথ, রাস্তা বা দোকানের সামনে কোন অবস্থাতেই হকার বসতে পারবে না বা কোন প্রকার ব্যবসায়িক মালামাল, নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে ব্যঘাত সৃষ্টি করা যাবে না। যারা এ ধরণের কাজ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
