বুধবার , ৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ৮, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক দুর্যোগ, টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, চলমান ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে এবং অফিস খোলা থাকবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি ঢলে নদীপথেও ঝুঁকি বেড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।