জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী মো: নূর আহমেদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই আব্দুল ওয়াহাব গুরুতর আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ মে) একদল লোক পরিকল্পিতভাবে মো: নূর আহমেদের বাড়িতে প্রবেশ করে। সে সময় বাড়িতে একা থাকা আব্দুল ওয়াহাবের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পরিবার আরও অভিযোগ করে জানায়, মো: নূর আহমেদের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ডিভোর্স সংক্রান্ত বিরোধ চলছিল। স্ত্রী ডিভোর্স দাবি করলেও এতে সম্মত না হওয়ায় তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এ ঘটনার পেছনে স্ত্রীর পরিবারের প্রভাবশালী রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পরিবার।
এদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
