সিলেটের কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম কলাবাড়ীর মহিলা বিভাগে টাইটেল জামাতের উদ্বোধন ও বুখারী শরীফ সবক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯মে) সকাল ১০ টায় মাদরাসা মাঠে মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মুহতামীম মুফতি আব্দুল মুছব্বির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কাজির বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দারুল উলুম মৌলভি বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শামসুজ্জোহা, হরীপুর বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির, নয়াসড়ক মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, আব্দুল বাছির, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
অনুষ্ঠানে অতিথিরা বুখারী শরীফের নানা দিক তুলে ধরেন এবং ইমাম বুখারী (র.) জীবনী সম্পর্কে নানা বিষয় আলোচনা করেন।তারা বলেন, ইমাম বুখারীর জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে সহিহ বুখারী রচনা।ইমাম বুখারী তার হাদীস গ্রন্থ বুখারী শরীফের সংকলনকালে সর্বদা রোজা রাখতেন এবং প্রতিটি হাদীস গ্রন্থ সন্নিবেশিত করার আগে গোসল করে দু’ রাকাত নফল নামাজ আদায় করে মুরাকাবা ও ধ্যানের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন। তিনি তার গ্রন্থে সহিহ হাদিস ব্যতীত অন্যকোন হাদিস উল্লেখ করেননি।তিনি দীর্ঘ ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ গ্রন্থখানি রচনা করেন। যা পুরো মুসলিম বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ হাদীস গ্রন্থ।
