সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে ৩ দিনব্যাপী বইমেলা। বুধবার সকাল ১১ টায় মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামের সামনে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এই বইমেলার উদ্বোধন করেন। এটি মুরারিচাঁদ কবিতা পরিষদের ৭ম বইমেলা।
এসময় তিনি বলেন, বই আমরা আসলে সব সময় আমাদের সঙ্গী করতে চাই। উপহার হিসেবে পেতে চাই। বই আমাদের আত্মার শান্তি দেয়। বই কিনবেন আত্মার শান্তির জন্য, মনের আনন্দের জন্য। যখনি সময় পাবেন বই পড়বেন, বই এর মধ্যে অনেক কথা পাবেন যে গুলো আপনার জন্য অনেক জরুরি। অর্থাৎ, আমরা বই কিনব আমরা আমাদের সংস্কৃতি জানব, ইতিহাস জানব, বই পড়ে আমরা আমাদের চলার পথকে সুন্দর করব।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবিরের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইভা সিদ্দিকী ও সিজান শেখের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আলী জাবের।
এসময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ প্রমুখ।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১৯, ২০ ও ২১ তারিখ এ বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলায় মোট ২০ টি স্টল রয়েছে। বইমেলায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাহিরের দর্শনার্থী ও বইপ্রেমীদের আগমন ঘটে। বইমেলায় বই কেনা-বেচার পাশাপাশি দিনব্যাপী কলেজ ও সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলোর মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিবছর ভাষার মাসে ৫২ প্রশ্নে ২১ পুরষ্কার ও বইমেলার আয়োজনের পাশাপাশি সময় পরিক্রমায় বিভিন্ন কার্যক্রম করে থাকে মুরারিচাঁদ কবিতা পরিষদ।
