যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধ-নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের নেতৃত্বে সকাল নয়টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়। পরে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রভাতফেরি শেষ হয়। শহিদ মিনারে কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, কর্মচারী পরিষদ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের নেতৃত্বে সকাল নয়টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে শেখ রাসেল দেয়ালিকায় মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ছড়া ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের লেখা সেখানে উপস্থাপন করা হয়।

কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্ণমালার মিছিল।
পরে একুশে বইমেলা প্রাঙ্গনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান।

‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা’ শীর্ষক প্রবন্ধ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের সভাপতিত্বে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, আমরা ইংরেজি ভাষায় যতই অভ্যস্ত হই না কেন, আমাকে বাংলা ভাষা ভুললে চলবে না। এটাই আমার আসল ভাষা। আমার ভাষাকে, ভাষা দিবসকে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এভাবে যখন আমার ভাষাকে মূল্যায়ন করা হবে, আমার দায়িত্ব হচ্ছে অন্যান্য যে ভাষাভাষী মানুষ আছে, তার মতো সম্মান প্রদর্শন করা। আর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে, অনেক বেশি শুদ্ধ হবে, মজবুত হবে। প্রতিটি রাষ্ট্রেরই বিজ্ঞান চর্চা হয়ে থাকে তাদের মাতৃভাষায়। আমাদেরও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে হবে।

‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করায় কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানকে সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রবন্ধের আলোকে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আশরাফুল কবীর, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিরীটী পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বায়েজিদ আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদ আলম।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাংকন প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
শহিদদের স্বরণে ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান।
