দেশ জুড়ে আছিয়া সহ নারী ও শিশুর ওপর সংঘটিত নির্যাতন, ধর্ষণ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংস্কার এবং প্রয়োগ নিশ্চিতের দাবিতে সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৯ মার্চ) বাদ মাগরিব এমসি কলেজ ছাত্রাবাসের গেইট থেকে টিলাগড় পয়েন্টে গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে এমসি কলেজ ছাত্রাবাসের প্রতিটি ব্লকের প্রিফেক্ট সহ সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। এতে সমাপনী বক্তব্য রাখেন এমসি কলেজের ছাত্রনেতা ইসমাইল খান।
এসময় বক্তারা বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ, ডাক্তার ও সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে জনগণের আস্থা ও আশ্রয়স্থলে উন্নীত করতে হবে।
