মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

লবীব আহমদ
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে কলেজের পরিসংখ্যান বিভাগের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগটির সামনে গিয়ে শেষ হয়।

সেখানে দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্ট্যাটিস্টার প্রচার সম্পাদক আশীষ সেনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন আলী।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত। যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। পরিসংখ্যানের প্রয়োজনীয়তা সবসময়ই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের কারণেই আমরা কোনো বিষয়ের খুটিনাটি সম্পর্কে জানতে পারি। এখন প্রতিটি বিষয়েই আমাদের পরিসংখ্যান লাগে। পরিসংখ্যানে অনার্স-মাস্টার্স করলে কেউ কখনোই বেকার থাকে না। সবসময়ই তার গুরুত্ব রয়েছে এবং তাকে প্রয়োজন পড়ে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের প্রফেসর ড. সাহেদা আখতার। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অতিথি শিক্ষক হাবিবুর রহমান শিহাব, ফাহমিদা আক্তার ও শিক্ষার্থীরা।

পরে বিভাগের স্ট্যাটিস্টা আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।