সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ১৮ কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে ‘খান বাহাদুর এমএ খালেক এন্ড এ.এন.এইচ. বারী ট্রাস্ট ফান্ডে’র উদ্যোগে এই এককালীন বৃত্তি প্রদান করা হয়।
কলেজের প্রতিটি বিভাগের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের শ্রীবাস দাস, ইংরেজি বিভাগের মুক্তা রানী দাস মুন্নি, অর্থনীতি বিভাগের শ্রাবনী পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাসান আহমেদ, দর্শন বিভাগের বন্যা পুরকায়স্থ বর্ষা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা বেগম, ইতিহাস বিভাগের মোহাম্মদ আব্দুল হামিদ, ইসলামের ইতিহাস বিভাগের নিরজনা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান, রসায়ন বিভাগের লুবানা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাতিমা বেগম, গণিত বিভাগের সাদিয়া ইসলাম, প্রাণিবিজ্ঞান বিভাগের আছিয়া হক, মনোবিজ্ঞান বিভাগের মোছা. সাকিবুন্নাহার মুন্নী ও মোছা. রুবিনা ইয়াসমীন, পরিসংখ্যান বিভাগের খাদিজা হামিদ জুম্মা ও সুমাইয়া ইসলাম মীম এবং এইচএসসির আর্শিয়া নাওয়ার।
এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় তিনি বলেন, এই বৃত্তি কার্যক্রম আমাদের সেইসব শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাচ্ছে যারা বিগত চার বছর ধরে একাগ্রতার সাথে জ্ঞানার্জন করেছে। এই ট্রাস্টের যে মহৎ উদ্দেশ্য এবং দীর্ঘ পথচলার শুরু, তাকে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কোনোভাবেই থামতে দেওয়া উচিত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে তোলার জন্য, তাদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর জন্য এই ধরনের বৃত্তির গুরুত্ব অপরিসীম।” এসময় তিনি এম এ খালেক এন্ড এ.এন.এইচ. বাড়ী ট্রাস্টের এই ব্যতিক্রমী উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন এবং এমসি কলেজে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন।
ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হানিফ বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য অনুভূতি প্রকাশ করেন বাংলা বিভাগের শ্রীবাস দাস ও অর্থনীতি বিভাগের শ্রাবণী পাল।
অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
