সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে দুইদিন ব্যাপী চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার দুইদিন ব্যাপী এই চাকরি মেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, একটি ভালো বায়োডাটা চাকরি প্রার্থীদের রুচি ও মন-মানসিকতাকে উপস্থাপন করে। পরিপূর্ণ বায়োডাটার পৃষ্ঠা কখনোই বেশি হওয়া উচিত নয়। কম কথায়, সংক্ষেপে, মূল বক্তব্য ও কাজের উদ্দেশ্য ফুটিয়ে তোলা জরুরি। কেননা এক হাজার প্রার্থীর মধ্য থেকে চমৎকার তথ্যবহুল কিন্তু খুবই সংক্ষিপ্ত এমন জীবনবৃত্তান্ত প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় বাছাই হতে সহায়তা করে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষৎ ক্যারিয়ার প্ল্যান ঠিক করে বেশি বেশি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এতে তাদের ভয় কেটে যাবে। এ ধরনের কর্মশালা প্রতিযোগিতার বাজারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলে। আমরা দেশে বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের কর্পোরেটদের এনে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তিনি আবেদনকারীদের সমসাময়িক ঘটনা, দেশের সংবিধান, সরকার, রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ একাধিক বিষয়ের খুঁটিনাটি ও মৌলিক জ্ঞান জেনে রাখার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আশরাফুল কবীর, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফরিদ আহমদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসলাম উদ্দিন, প্রাক্তন ব্যাংকার, উদ্যোক্তা, মটিভেশনাল স্পীকার, ফাইনান্সিয়াল, কনসালটেন্ট বিদ্যুৎ কান্তি দাশ প্রমুখ।
চাকরি মেলার প্রথম দিন গতকাল রবিবার ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় দিন আজ চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে শুরু হয়ে পরদিন সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হবে। মেলায় এমসি কলেজের অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
