শনিবার , ৫ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটিতেও সিলেটে চালু পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৫, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের ৪টি জেলায় ঈদের ছুটিতেও চালু আছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম। এই ছুটির দিনগুলোতে ইতিমধ্যে সিলেট বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মিলে স্বাভাবিক প্রসব ২৮৭ টি সম্পন্ন হয়েছে। 

শুক্রবার সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় হতে প্রাপ্ত এক বার্তার মাধ্যমে জানা যায় যে, গত ২৮শে মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের চলমান ছুটিতে এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা এবং ০-৫ বছরের শিশু সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে নিরবিচ্ছিন্নভাবে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালকগণের সার্বিক তত্ত্বাবধানে বিভাগে কর্মরত সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঈদের ছুটি শুরু হওয়া থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মিলে স্বাভাবিক প্রসব ২৮৭ টি, গর্ভকালীন সেবা ৭৩৯ টি, প্রসবোত্তর সেবা ৪১৪ টি সহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী, ০-৫ বছরের শিশু ও সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। তাছাড়া চাহিদার ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবাও প্রদান করা হয়েছে।

এই বিভাগের ৪টি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫ টি, সুনামগঞ্জে ৪৬ টি, মৌলভীবাজারে ২৭ টি ও হবিগঞ্জে ৪২ টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে; যার মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি।

পরিবার পরিকল্পনার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ সিলেট বিভাগে চলমান এ কর্মসূচি সার্বক্ষণিক মনিটরিং করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।