পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। একই সাথে তিনি সবার অব্যাহত সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য কামনা করেছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে পাঠানো এক বাণীতে মন্ত্রী এই শুভেচ্ছা জানান।
বাণীতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ। পবিত্র আল কোরআনের বাণী অনুযায়ী, কুরবানীর মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের মনের পবিত্র ইচ্ছা। আর বিশ্বাসী মানুষের সেই পবিত্র ইচ্ছা হলো মহান আল্লাহর নৈকট্য লাভ করা।”
তিনি আরও উল্লেখ করেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ঘুরে আসে। পশু কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি অনন্য মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারা বেয়েই কুরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।
সমাজ গঠনে ঈদের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদুল আজহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির এক দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করে। কুরবানীর মূল শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হতে পারি, তবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন সম্ভব।
“ঈদ মানুষের মাঝে পারস্পরিক শুভেচ্ছাবোধ জাগ্রত করে। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সমাজে সৌহার্দ্যের মেলবন্ধন আরও দৃঢ় করুক—মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানাই।”
— খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী।
বাণীর শেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, “ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
