২৩ দিন পর আবারও রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১০ মিনিটে এ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। উৎপাদনের পর কেন্দ্র থেকে রাতেই ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
এর আগে কয়লা সংকটের কারণে গত ২৪ এপ্রিল থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে এই কেন্দ্রে উৎপাদন শুরু হল।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, “ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পর এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। আপাতত ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রিডে দেওয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসির চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।”
বিদ্যুৎ খাতের উন্নয়নে যে কয়টি মেগা প্রকল্প দেশে চলমান আছে, তার মধ্যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্যতম।
