শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক শেষের আগেই ফ্রান্স-যুক্তরাষ্ট্রে পড়ার আমন্ত্রণ পেলেন সিকৃবির মামুন

সিকৃবি প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্নাতকে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার আমন্ত্রণ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন হৃদয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ফ্রান্সের মন্টপেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে পিএইচডি করার অফার লেটার পেয়েছেন।

মো. আব্দুল্লাহ আল মামুন হৃদয় বর্তমানে সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। গবেষণার প্রতি তীব্র ঝোঁক থাকায় স্নাতক প্রথম বর্ষ থেকে যুক্ত হন গবেষণায়। রপ্ত করেন গবেষণা কাজের প্রক্রিয়া ও গবেষণাপত্র প্রকাশের নানান দক্ষতা। নিজেকে আরো শাণিত করতে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা।

এখন পর্যন্ত তিনি স্পেন, মালয়শিয়া, চীন, মরক্কো, ইউকে, পাকিস্তান, পর্তুগাল ও ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ছাত্রদের সাথে কাজ করেছেন। বিভিন্ন খ্যাতিসম্পন্ন জার্নালে তার ৮ টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও আরো ৪টি গবেষণাপত্র শীঘ্রই প্রকাশিত হবে বলে জানান তিনি‌। তার এমন দক্ষতায় মুগ্ধ হয়ে একসাথে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন বিদেশি অধ্যাপকরা।

মো. আব্দুল্লাহ আল মামুন হৃদয় বলেন, আমি প্রথম বর্ষ থেকে গবেষণায় যুক্ত হয়েছি। আমার শুরুর দিকে জার্নিটা সহজ ছিল না। তবে গবেষণাপত্রের ধরণ সম্পর্কে জানা, বিভিন্ন এনালাইটিক্যাল সফটওয়্যার সম্পর্কে ভালো দক্ষতা অর্জন, নিয়মিত লিটারেচার নোবেল পড়ে গবেষণায় নিজেকে এগিয়ে নিতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এক্ষেত্রে সহায়তা করেছেন।

তিনি বলেন, আমি দুটি বিশ্ববিদ্যালয় থেকে বিনামূল্যে মাস্টার্স ও পিএইচডি করার অফার লেটার পেয়েছি‌। বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে মাস্টার্স ও পিএইচডির কোলাবোরেশন গ্রুপে কাজ করছি। এছাড়াও ইউআইটি দ্যা আরটিক ইউনিভার্সিটি অব নরওয়ে থেকে ‘শক্তি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে অধ্যাপক ড. কায়ারা বর্ডিন এর তত্ত্বাবধানে থিসিস করছি। আমার স্বপ্ন একাডেমিক পড়াশোনা ভালো রেখে এবং আরো ভালো ল্যাবে প্রফেসরদের সাথে কাজ করে ইন্ডাস্ট্রিতে জব করা।

মামুনের সাফল্যে উচ্ছ্বসিত মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায় বলেন , তার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমরা চেষ্টা করবো সে যেন সঠিক সময়ে ডিগ্রি শেষ করে বাইরে পড়তে যেতে পারে। তার এই সাফল্য অনুষদের অন্যান্য শিক্ষার্থীদেরকেও অনুপ্রাণিত করবে। অন্যান্য শিক্ষার্থীরা যারা বাইরে পড়াশোনা ও গবেষণায় যেতে ইচ্ছুক তাদের জন্য সবসময় আমাদের সহযোগিতা থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।