আহত হয়ে মামলা করতে গিয়ে বিএনপি নেতার কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন জুলাই বিপ্লবে গুরুতর আহত ও সামনের সারিতে নেতৃত্বদানকারী জুলাই যুদ্ধা ফয়জুল বারী দিনার। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে তিনি সিলেটের কোতোয়ালী মডেল থানায় মামলা করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
ফয়জুল বারী দিনার সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুথানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে নেতৃত্বদানকারী অন্যতম নেতা ও আহত জুলাই যুদ্ধা ।
জানা যায়, গত ৪ আগস্ট সিলেটের জিন্দাবাজারে পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত হন ফয়জুল বারী দিনার। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে সোমবার রাতে ছাত্রলীগের কয়েকজন নেতার নামে মামলা করতে থানায় যান। এসময় সিলেট মহানগর বিএনপি নেতা বাবুল আহমদ তার ভাতিজা ছাত্রলীগ নেতা সায়েমের বিরুদ্ধে কেন মামলা করতে এসেছেন, সেটার কৈফিয়ত জিজ্ঞেস করেন। পরে তার ভাতিজার নামে মামলা করলে প্রাণে মেরে ফেলবে বলে জানায় বাবুল আহমদ। তখন কোতোয়ালী থানা পুলিশও মামলা আমলে নেয় নি। যার কারণে বাধ্য হয়ে থানা থেকে ফিরে আসেন জুলাই যোদ্ধা দিনার।
এসময় ফয়জুল বারী দিনার জানান, গত ৪ আগস্ট সায়েম, রাজু, বদরুজ্জামান সাগর, তাহমিদ, সিয়াম ও সিজান সহ ১০-১২ জনের নেতৃত্বে একদল ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী আমার ওপর হামলা করে। আমি এতদিন চিকিৎসা শেষে গতরাতে থানায় মামলা করতে যাই। তখন বিএনপি নেতা আমাকে মামলা করতে না দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পুলিশও আমাকে কোন সহযোগিতা করেনি এই বলে যে পুলিশ বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে যার ফলে মামলা এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে আমি মামলা করতে পারি নাই। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে বিএনপি নেতার সাথে কথা বলার জন্য বারবার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আমরা তাকে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছি। আমরা পরবর্তীতে তদন্ত করে দেখবো এবং অভিযোগটি আমলে নেওয়ার চেষ্টা করবো।
