সিলেটে সাংবাদিক নামধারী মামুন আহমদ চৌধুরীকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন ফেইসবুক পেইজ ‘আধুনিক টিভি’র এডমিন হলেও সাংবাদিক নাম দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানীর পাশাপাশি চাঁদাবাজি করতো বলে নানা অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন চৌধুরী সিলেটের কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি দলইমাটি গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন নীপবন আবাসিক এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার পরিদর্শক (তদন্ত) রাফসুল সামদানি আজাদ। তিনি জানান, শাহপরান থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়াও কোতোয়ালি মডেল থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও একটি মামলা রয়েছে।
