সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩১ জানুয়ারি

শাবি প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়নের উপর ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটির সদস্যরা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটির সদস্যরা।

সম্মেলনের সদস্যসচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন লিখিত বক্তব্যে বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বারের মতো পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়নের উপর (আই সি পি এস ডি ২০২৫)’ শীর্ষক দ্ইু দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হবে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। উদ্বোধনী অধিবেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক ড. রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।

গত বছরের জানুয়ারি মাসে সম্মেলন কমিটির পক্ষ থেকে সম্মেলনে উপস্থাপনের জন্য গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক-শিক্ষক থেকে ১৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এর মধ্যে যাচাইয়ের পর ১১০টি গবেষণা প্রবন্ধ নির্বাচিত হয়। ২টি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে (একটি অনলাইনে) এ প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। প্রত্যেকটি সেশনে একজন করে সভাপতি ও একাধিক আলোচক থাকবেন। প্রত্যেকটি সেশনে ৭ থেকে ৮টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে। প্রবন্ধের মধ্যে রয়েছে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, নির্বাচন, দেশের চলমান সংস্কার, দক্ষিণ এশিয়ার আন্তদেশীয় সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব, স্বৈরতন্ত্রের পতন, শিক্ষা, মানবাধিকার, মিডিয়া, কালচার, জলবায়ু, রোহিঙ্গা ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, নেপালের গবেষকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

দুইটি প্লেনারি সেশনে দুই দিনে ৮ জন গবেষক আটটি মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন। গবেষকদের মধ্যে আছেন বাংলাদেশের গুম কমিশনের সদস্য ও যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ড. নাবিলা ইদরিস, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. রেমন্ড কুয়ান সান লু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সাইন্স ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুজ্জামান এবং মালদ্বিপ ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আসিয়াত হাসান।

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ও বাংলাদেশের গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদরিস, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এমএস আইসাত হাসান ও ইতালির স্কোলা নরমালে বিশ্ববিদ্যালয়ের রোমানে কাওকি। স্বাগত বক্তব্য রাখবেন আইসিপিএসডি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. দিলার রহমান ও সদস্যসচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন। উদ্বোধনী সেশনে ধন্যবাদজ্ঞাপন করবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রোগ্রাম সঞ্চালনা করবেন আইসিপিএসডির সহ-আহবায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও প্রোগ্রামের সূচনা বক্তব্য রাখবেন আইসিপিএসডির যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাহাবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠার পর বিভিন্ন কার্যক্রম ও সফলতা নিয়ে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শনী করা হবে।

তিনি বলেন, সম্মেলনে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আলী রেজা, সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরম্নল হুদা সাকিব, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ ও অ্যাফিয়ার্স-(পিএসএ) বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল কুদ্দুসসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট)’ বই প্রকাশ করা হবে। প্রথম দিনের সমাপনী পর্বে সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারিতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সেখানে সিলেটের স্থানীয় ও লোকায়ত সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দুই দিনব্যাপী সম্মেলনে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নিজস্ব প্রকাশনীর স্টল থাকবে।

 

সম্মেলনের সমাপনী পর্বটি ১ ফেব্রুয়ারি বেলা ২.৩০ মিনিটে মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরোয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

আমরা আশা করছি, এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং পলিসি মেকাররা একে অপরের সঙ্গে তাদের অভিজ্ঞতা, গবেষণা, এবং ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে বিখ্যাত গবেষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও থাকবে। এ সম্মেলনে যেহেতু সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও থাকবেন সেহেুতু এসব সুপারিশ ও পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। সম্মেলনে গবেষকদের উল্লেখযোগ্য একটি অংশ তরুণ। তাঁরা দেশ-সমাজ-রাষ্ট্র নিয়ে নিজেদের প্রত্যাশা একাডেমিকভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। এতে জুলাই অভ্যুত্থানের গণআকাঙ্খারও প্রতিফলন ঘটবে।

আমাদের বিভাগের এ সম্মেলন সফল করার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এখনও করে যাচ্ছেন। আমরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সম্মেলনকে সফল করার জন্য আরও সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আমরা ইউজিসিকে ধন্যবাদ জানাই।

এসময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে দিকনির্দেশনা পাবে। তাছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে এই সম্মেলনটি পথনির্দেশক হবে বলে আশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিলারা রহমান, সম্মেলন আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক ড. নজরুল ইসলাম, যুগ্ম-সদস্যসচিব অধ্যাপক ড. সাহাবুল হক, মিডিয়া উপকমিটির প্রধান অধ্যাপক ড. মাসুদ সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।