শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. জামিল আহমেদ ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

ডক্টর জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় উর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন – ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ডক্টর জামিল আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি পরিচালিত, জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। রাজস্ব ব্যবস্থাপনা অনুশীলন, অসংখ্য দাতব্য এবং সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার প্রশিক্ষণ, ট্রেসিং বিভাগ (আরএফএল), সিবিডিপি প্রকল্প এবং ব্লাড ব্যাংক সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর ও ডেপুটি গভর্নর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য । অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ভারত, তুরস্ক এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং এবং আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।