এমিরেটস এয়ারলাইন পূর্ব এশিয়ায় তাদের উপস্থিতি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে ভিয়েতনামের ডানাং এবং কম্বোডিয়ান সিয়েম রীপে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। উভয় ফ্লাইট ভায়া ব্যাংকক পরিচালিত হচ্ছে। এর ফলে বর্তমানে পূর্ব এশিয়ার মোট ২৩টি গন্তব্যে এমিরেটসের নেটওয়ার্ক বিস্তৃত হলো।
দুবাই-ব্যাংকক-সিয়েম রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে। ইতোপূর্বে নমপেনে ভায়া সিঙ্গাপুর দৈনিক ফ্লাইট চলাচল করছিল। বর্তমান, কম্বোডিয়ায় পরিচালিত এমিরেটস ফ্লাইটের সংখ্যা সপ্তাহে দশটি।
অন্যদিকে, ভিয়েতনামের ডানাং এ ফ্লাইট শুরুর ফলে দেশটিতে এমিরেটসের ফ্লাইট সংখ্যা সপ্তাহে ২৫টিতে উন্নীত হলো। সম্প্রতি ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েত জেট এবং সান গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার হাবগুলোতে এমিরেটসের ফ্লাইট সংযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
উভয় রুটের ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর। এই গন্তব্যগুলো থেকে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কে নিরবিচ্ছিন্নভাবে ভ্রমণ সুবিধা পাবেন। দুবাই থেকে ভায়া ব্যাংকক যাত্রীরা ডানাং এবং সীয়েম রীপে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন।
