বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে জুলাই শহিদ দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি ::
জুলাই ১৬, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ দিবস-২০২৬ স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এসময় তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদেরকে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য বুঝাতে হবে। বিগত আমলের কঠিন ও দুঃসহ সময় থেকে মুক্তি পেতে আমাদের ছাত্ররা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে, তা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সকলেরই এই আত্মত্যাগ ও ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত।”

‎​কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আকছানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. কামরান হোসেন চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক কানন কান্তি দাস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রোমান মিয়া।

‎​ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রদলের এমসি কলেজ শাখার সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সেক্রেটারি অলিদ হাসান, গণতান্ত্রিক ছাত্র-কাউন্সিলের আহ্বায়ক তানজিনা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সেক্রেটারি জুনায়েদ ইবনাত আসিফ, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্যাম্পাস ও রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াত এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা দাস প্রজ্ঞার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‎অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বেলা সোয়া ৩ টার দিকে স্মরণ সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।