আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ও সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। সুনামগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
আজ মঙ্গলবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জয়া সেনের পক্ষে মনোনয়নপত্র তোলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। জয়া সেনগুপ্তা বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন আজকের পত্রিকাকে বলেন, বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
এ বিষয়ে জয়া সেনগুপ্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে পারব না। দিরাই এসে আমি কথা বলব।’
জয়া সেনের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।
