রবিবার , ১৭ মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে থালা হাতে হকারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৭, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে ‘ভাতের থালা’ হাতে নিয়ে সিলেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন হকাররা।

রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে নগরের বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন।

বিক্ষোভ চলাকালে অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাতে লিখা দেখা যায়, ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।

হকারদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে উঠেছে ফুটপাতের এই ছোট ব্যবসা। সারাদিন ব্যবসা করার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত।

তারা আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। তাই নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

প্রায় একঘণ্টা ধরে চলা এ কর্মসূচির শেষ খবর পাওয়া পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের ফটকের সামনে অবস্থান করছিলেন। তখন আশেপাশে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।

এর আগে গত ১৪ মে একই দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছিলেন হকাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।