সিলেটের পাথর কোয়ারিগুলোগুলোর সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয় নিয়ে আলোচনার জন্য সভা আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৭ মে) এ সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভা আহ্বান করা করা হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট – সুনামগঞ্জের জেলা প্রশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এরমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি নির্ধিারিত সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রাণ ঝুঁকিতে পড়ায় অনেকগুলো কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আছে। তবে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরেই পাথর উত্তোলনের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছেন।
