সিলেটে শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার সকালে সিলেটের জেরা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেটের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভিডিও প্রদর্শন ও বিশেষ অনুষ্ঠান প্রচার, বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
রোববার নগরের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই ছিলেন নির্ভীক, স্পষ্টভাষী, এবং একজন আদর্শ নেতৃত্ববাদী। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার এবং দানশীলতায় তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। টুঙ্গিপাড়ার সে ছোট্টশিশু (খোকা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে শিশু-কিশোরদের, ছাত্রছাত্রীদের শিক্ষা নিতে হবে। আগে কেউ না চেনা বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। যার ফলশ্রুতিতে বাংলাদেশ এখন মাথা উঁচু করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দুর্বার গতিতে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ঠিকানায়। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে এ অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য প্রস্তুত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ।
